'আইনশৃঙ্খলার অবনতি হয়নি, খুনখারাবি বিচ্ছিন্ন ঘটনা': সিইসি'র চোখে নির্বাচন এবং পরিস্থিতি!

  


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন সোমবার রাজধানীর গুলশানে তরুণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করার এক অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেশ কিছু চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে দেশে আইন-শৃঙ্খলার কোনো অবনতি হয়নি এবং নির্বাচনকে ঘিরে ছোটখাটো অপরাধকে 'বিচ্ছিন্ন ঘটনা' হিসেবে দেখা উচিত।

সিইসি বলেন, "আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দু–একটা খুনখারাবি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি।"

'নির্বাচন এলে এমনটা ঘটতেই থাকে'

সিইসি অতীতের উদাহরণ টেনে বলেন যে নির্বাচন সামনে এলে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। তিনি উল্লেখ করেন, "এই ধরনের ঘটনা সব সময়ই ছিল। আগে কি আহসানউল্লাহ মাস্টার খুন হন নাই? সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব খুন হন নাই? নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে।"

৫ আগস্টের চেয়ে 'অনেক ভালো'

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে প্রমাণ করতে গিয়ে এ এম এম নাসির উদ্দীন গত বছরের ৫ আগস্টের পরিস্থিতির সাথে বর্তমান সময়ের তুলনা করেন। তিনি বলেন, "২০২৪ সালের ৫ আগস্টের সঙ্গে তুলনা করে দেখুন। তখন থানাগুলো অকার্যকর ছিল, পুলিশ স্টেশনও নড়ছিল না—সেই সময়ের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। ইনশা আল্লাহ, আমরা এখন শান্তিতে চলাফেরা করতে পারছি, রাস্তায় চলাচল করতে পারছি, শান্তিতে ঘুমাতে পারছি।"

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, কমিশন প্রস্তুত

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি ভোটার ও সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন। তিনি বলেন, "নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। ইনশা আল্লাহ, নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সবাইকে সাথে নিয়ে হবে... এই ব্যাপারে যত ধরনের দুশ্চিন্তাই আসুক না কেন, সেই দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।"

জাতিকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে নির্বাচন কমিশন বদ্ধপরিকর উল্লেখ করে সিইসি জানান, কমিশন গতকালই আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে জনগণ একটি "সঠিক সময়ে, সঠিকভাবে, একটি সুষ্ঠু, সুন্দর ও প্রতিযোগিতামূলক পরিবেশে" নির্বাচন দেখতে পাবে।

আপনার কি মনে হয় সিইসি'র এই মন্তব্যগুলো বর্তমান পরিস্থিতিকে সঠিকভাবে তুলে ধরছে? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান!

Post a Comment

Previous Post Next Post